সব কারাগারে ভার্চুয়াল সিস্টেম স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২১ জুন, ২০২০ ১৮:২৬  
বিচারিক কার্যক্রম সহজ করতে দেশের সব কারাগারের অভ্যন্তরে ভার্চুয়াল সিস্টেম স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈঠকে জামালপুর কারাগারের প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রীর দেয়া দেয়া নির্দশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি বলেছেন, জামালপুরের কারাগারে ভার্চুয়াল কোর্ট করতে হবে যাতে মামলা-মোকাদ্দমা ডিজিটালই করা সম্ভব হয়। শুধু জামালপুরই নয় অন্যান্য জেলা কারাগারেও সার্বিকভাবে ভার্চুয়াল সুযোগ সুবিধা থাকতে হবে। এতে আসামিকে কারাগার থেকে নেওয়ার দরকার হয় না। ওখানে বসেই বিচার হয়ে যায় ভার্চুয়ালি। কিছু কিছু কয়েদি আছে নিরাপত্তাজনিত কারণে কোর্টে না নেওয়াই সেইফ। তিনি (প্রধানমন্ত্রী) বলছেন সব জেলখানায় ভার্চুয়াল সিস্টেম বসিয়ে দাও । জামালপুরতো করবেই অন্যান্যটাও বসাও। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে পরিকল্পনা মন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল উপস্থিত ছিলেন।